বাংলাদেশের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটা তাদের প্রথম অপরাধ।
গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই ঘটনা ঘটে। নাহিদা আক্তারের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রূপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। অন্যদিকে, শারমিন সুলতানার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত।
দুই খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। দুজনেই ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।



















