টি–টুয়েন্টিতে গত এক বছর ধরেই দেখা যাচ্ছে অন্য এক বাংলাদেশ দলকে। এ সংস্করণে জিততে হলে ভয়ডরহীন ক্রিকেট খেলা ছাড়া উপায় নেই। সেই মন্ত্র জপেই এখন এই ক্রিকেটটা খেলে বাংলাদেশ দল, যেটির ধারাবাহিকতা দেখা গেছে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতেও। নিউজিল্যান্ডের ১৮২ রান তাড়া করে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২ ওভার বাকি থাকতেই।
চট্টগ্রামেই আজকের দ্বিতীয় টি–টুয়েন্টিটা তাতে বাংলাদেশ দলের জন্য হয়ে গেছে সিরিজ জয়ের উপলক্ষ, অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য সিরিজে ফেরার ম্যাচ। প্রথম টি–টুয়েন্টিটা ওভাবে জেতার পর এতে কোনো সংশয়ই নেই যে আজ দ্বিতীয় টি–টুয়েন্টিতেও একই রকম সাহসী মেজাজে খেলতে চাইবে লিটন দাসের দল।
কোচিং স্টাফের এক সদস্যের কথায়ও কাল মিলল সেই আভাস। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, টিম ম্যানেজমেন্ট এই সিরিজে দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তাই দিয়ে রেখেছে।



















