বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? চারদিকের জল্পনাকল্পনা ছাপিয়ে ফুটবল পাড়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাফুফে ভবনে তোড়জোড় চলছে নতুন কোচ নিয়োগের। কারণ, এবার এমন এক প্রক্রিয়ার মাধ্যমে কোচ নিয়োগ হতে যাচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে আগে দেখা যায়নি।
বাফুফেকে দেখা যেত হঠাৎ করে অনভিজ্ঞ কাউকে কোচ বানিয়ে নিয়ে আসতে। সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার যেমন জাতীয় দল নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না। অথচ তাঁকে জাতীয় দলের কোচ করে এনে চার বছর রাখা হলো। এমন অনভিজ্ঞ কোচ আনা অতীতেরই ধারাবাহিকতা। কিন্তু এবার বাফুফে অভিজ্ঞ ও পেশাদার কোচের প্রতি ঝুঁকেছে।
বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভাবনীয় সাড়া মিলেছে। মোট ২৩০টি আবেদন জমা পড়েছিল বাফুফের টেবিলে। বাংলাদেশের ফুটবলের প্রতি বিদেশি কোচদের এই প্রবল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে হামজা চৌধুরীকে।



















