চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পানির সংকট এখনো কাটেনি। মাঠ ভেজাতে নিয়মিত পাওয়া যাচ্ছে না ওয়াসার পানি। বৃষ্টি না হওয়ায় মাঠে সবুজ ঘাসের ছোঁয়া নেই বললেই চলে। আউটফিল্ডের কোথাও বাদামি, কোথাও ধূসর।
যা পরিস্থিতি, তাতে মাঠের তুলনায় উইকেটেই বরং সবুজ ঘাসের আভাটা বেশি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বোলারদের জন্য সেটা সুখবরই হওয়ার কথা। তবে তা হচ্ছে না এ মাঠের ঐতিহ্যের কারণে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট মানেই তো ব্যাটসম্যানদের জন্য স্বর্গ! ২০২২ সালে চট্টগ্রামের এ মাঠে ৪০০ রান তুলেছিল ভারত। উইকেটের সেই চরিত্র এখনো খুব বদলেছে বলে মনে করেন না বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট।



















