প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫৫ চোটের আশঙ্কা ম্যাচের মুহূর্তেই তৈরি হয়েছিল, পরীক্ষায় সেটিই সত্যি প্রমাণিত হলো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি ২০২৫-২৬ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না লামিনে ইয়ামালের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। তবে ক্লাবের হয়ে মৌসুম শেষ হলেও আসন্ন বিশ্বকাপে ইয়ামালকে পাওয়া যাবে বলে আশাবাদী কাতালান ক্লাবটি।
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে তাকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে বার্সা। গত বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ১৮ বছর বয়সি এই উইঙ্গার।
ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পরপরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান।



















