রবার্তো বাজ্জো একটা ট্র্যাজিক হিরো। ১৯৯৪ বিশ্বকাপের সেই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই পেনাল্টি মিস ইতালিয়ানদের কাছে এক চিরস্থায়ী দুঃস্বপ্ন। তিন দশক পেরিয়ে গেলেও সেই বলটা যেন আজও আকাশে ভাসছে, আর বাজ্জো আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন।
দীর্ঘ তিন দশক পর আবারও সেই ক্ষতের ওপর জমে থাকা ধুলো ঝাড়লেন বাজ্জো। সম্প্রতি তাঁর নতুন বই ‘লাইট ইন দ্য ডার্কনেস’-এর প্রকাশনা উপলক্ষে ইতালির সংবাদমাধ্যম ‘কোরেইরে দেল্লা সেরা’কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই কিংবদন্তি।
সাক্ষাৎকারের শুরুতেই বাজ্জো অবলীলায় স্বীকার করলেন, সেই মুহূর্তটি আজও তাঁর ঘুমের মধ্যে হানা দেয়। বাজ্জো বলেন, ‘পুরো ইতালির মানুষের কাছে নিজেকে অপরাধী মনে করেছিলাম। মনে হয়েছিল কোথাও অদৃশ্য হয়ে যাই। এটা ছিল ভীষণ লজ্জার, এমন এক ঘটনা যা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে গেছে।’



















