বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন দেখতে যাচ্ছে আট মাসের মধ্যে। আজ বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন ভোট, তবে প্রক্রিয়া অনেকটা পুরোনোই। আর সে প্রক্রিয়া শুধু গঠনতান্ত্রিকভাবেই পুরোনো নয়, নির্বাচনী ‘কৌশলের’ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
সাত বিভাগীয় কাউন্সিলরের সাতজনই যেমন নতুন। ৬৪ জেলার মধ্যে যে ৫৯টি থেকে কাউন্সিলরের নাম এসেছে, সেখানেও আগেরবার কাউন্সিলর ছিলেন, এমন নাম আছে মাত্র পাঁচটি। কাউন্সিলরদের চূড়ান্ত তালিকায় নেই কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী আর মুন্সিগঞ্জের কারও নাম।
তবে বিভিন্ন সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সাবেক খেলোয়াড়, সাবেক অধিনায়কদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩–এর কাউন্সিলর তালিকায় এমন অনেক নামই আছে, যাঁরা সর্বশেষ নির্বাচনের খসড়া ভোটার তালিকায়ও ছিলেন।



















