বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা দাঁড়াল ৮ জনে। আগামী ৭ জুন পরিচালনা পর্ষদের নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১–এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটে দাঁড়ানো ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান।
চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। শরীফুল ইসলাম সরে দাঁড়ানোয় অপর দুই প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরীর এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত।



















