চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুরু হয়েছে ঐতিহা�সিক আব্দুল জব্বারের বলীখেলা। শনিবার বেলা ৩টা ২৫ মিনিটের দিকে এ খেলা শুরু হয়। জব্বারের বলীখেলা আয়োজক কমিটির সদস্য ও আব্দুল জব্বারের নাতি আকতার আনোয়ার চঞ্চল বলেন, ইতিমধ্যে ১৩০ জন বলী খেলায় অংশ নিতে নাম জমা দিয়েছেন। প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ৩৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ক্রেস্ট ও ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ক্রেস্ট ও ২৫ হাজার টাকা প্রদান করা হবে।
সরেজমিনে লালদিঘীর পাড়ে দেখা গেছে, সিনেমা প্যালেস, লালদিঘী পাড়, আন্দরকিল্লা, জেলরোড়, হাজারী গলির মুখ, মহল মার্কেটসহ আশেপাশের এলাকায় জমে ওঠেছে বৈশাখী মেলা। শুক্রবার শুরু হওয়া এই মেলা আজ বিকেলেই শেষ হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার অস্থায়ী দোকানী নানারকম পণ্য নিয়ে বিক্রি শুরু করেছে। বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, মৎশিল্পের পণ্যগুলোর শোভা পাচ্ছে মেলায়।
সিলেট, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, যশোরসহ বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আসেন। এরপর শুক্রবার ভোর থেকেই তারা পণ্য সাজিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষা করতে থাকেন।



















