ইংল্যান্ডের কন্ডিশনে খেলা, অথচ বাংলাদেশ কিনা আসন্ন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে। আজ মিরপুরে ঘোষিত ১৫ সদস্যের সেই দলে বিশেষজ্ঞ পেসার বলতে মারুফা আক্তার ও ফারিহা ইসলাম। পেস বোলিংয়ে ঘাটতি দূর করতে অবশ্য বিকল্প পেসার ভাবা হচ্ছে রিতু মনিকে। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, ইংল্যান্ডের কন্ডিশনে একাদশে একজন পেসার খেলানোর চিন্তা আছে তাদের।
সাজ্জাদ বলেছেন, ‘আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।’
এই চিন্তা থেকে পরিকল্পনায়ও বদল এসেছে বাংলাদেশের। সাজ্জাদ বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হয়তো ওরকমই থাকবে, এক পেস বোলার আর স্পিনারদের নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, এই সম্ভাবনা আছে। ম্যাচের মাঝখানে অনেক বিরতি আছে, আমাদের রিকভারির সুযোগ থাকবে।’



















