ফেডারেশন কাপের ফাইনাল আগামীকাল

ফেডারেশন কাপের ফাইনাল আগামীকাল

ফেডারেশন কাপের ফাইনাল আজ হচ্ছে না। ম্যাচটি আগামীকাল হবে। বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে ফাইনাল হবে বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনাতেই। এই মাঠেই ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু মোহামেডান ফাইনালে ওঠার পর গত বুধবার কিংসের বিপক্ষে তাদেরই মাঠে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে অচলাবস্থা নিরসনে কাল দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে সভায় বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে মোহামেডান। ফলে গতকাল আর সিদ্ধান্ত দিতে পারেনি বাফুফে। তবে গতকাল রাতেই মোহামেডানকে বুঝিয়েসুঝিয়ে কিংসের মাঠে খেলতে রাজি করায় বাফুফে। কিছু শর্ত দিয়ে বাফুফের এই প্রস্তাবে রাজি হয় মোহামেডান।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা সর্বশেষ বাফুফেকে বলেছি, বাফুফেকে চিঠি দিয়ে এই নিশ্চয়তা দিতে হবে যে মোহামেডান কোনো অবিচারের শিকার হবে না। আর কিংস বাফুফেকে বলবে, কিংস অ্যারেনায় ফাইনাল হলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এক দিন ফাইনাল পেছাতে হবে। তাহলেই আমরা কিংস অ্যারেনায় ফাইনাল খেলব।’

ওদিকে কিংস আজ বাফুফেকে চিঠি দিয়ে ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন না করে ট্রফিটি প্রতিপক্ষকে দিয়ে দেয়ার অনুরোধ করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।