ক্যাডেটদের হাত ধরে স্কোয়াশের নতুন জাগরণ

ক্যাডেটদের হাত ধরে স্কোয়াশের নতুন জাগরণ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২০: ৪৩আপডেট : ২২ মে ২০২৬, ২০: ৪৩ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ক্যাডেট স্কোয়াশ লীগ ২০২৬, সিজন-০২”। শুক্রবার আয়োজিত দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রায় ৪০ জন ক্যাডেট অংশ নিয়ে জমিয়ে তোলেন স্কোয়াশের লড়াই। ছেলেদের পাশাপাশি নারী ক্যাডেটদের অংশগ্রহণ প্রতিযোগিতায় যোগ করেছে নতুন মাত্রা। সকাল ৯টায় খেলা শুরু হয়ে দিনভর চলে উত্তেজনাপূর্ণ ম্যাচ। পরে সংবাদ সম্মেলন ও বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুহাম্মদ হাসান উজ জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল।

গতবার ঢাকা ক্লাবে সীমিত পরিসরে আয়োজন হলেও এবার প্রায় দ্বিগুণ অংশগ্রহণকারীর উপস্থিতিতে বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটি। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় “ক্যাডেট স্কোয়াশ ফ্র্যাটারনিটি” এই আয়োজন করে। ভেন্যু পার্টনার ছিল বসুন্ধরা স্পোর্টস সিটি এবং টাইটেল স্পনসর মার্কস মেডিকেল কলেজ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশায় থাকা প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। এলিট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা ক্যাডেট কলেজের তারিখ আহম্মেদ খান। রানার্সআপ হন সিলেট ক্যাডেট কলেজের ব্রিগেডিয়ার আব্দুল আজিজি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।