চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পদক গ্রহণের জন্য মঞ্চে ডাকাই হলো না। দেশের ফুটবল ইতিহাসে নজিরবিহীন এক ঘটনাই ঘটেছে গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু মাঠের জয় ছাপিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল চরম বিব্রতকর পরিস্থিতি। কিংসের খেলোয়াড়দের পদক বা ট্রফি গ্রহণ করতে দেখা যায়নি।
বাফুফের দুই সহসভাপতিসহ ১২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মঞ্চে। প্রথমেই ম্যাচ অফিশিয়ালদের পুরস্কার দেওয়া হয়। এরপর ফাইনালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা (১২টি) হিসেবে কিংসের খেলোয়াড় দরিয়েলতন গোমেজের নাম দুবার ঘোষণা করা হলেও তিনি মঞ্চে আসেননি। তাঁর পক্ষে পুরস্কার নেন দলের প্রধান কোচ বায়েজিদ আলম জোবায়ের। তবে টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের পুরস্কার দরিয়েলতন নিজেই নেন। কিংসের পাওয়া ফেয়ার প্লে ট্রফি কোচ বায়েজিদ একাই গ্রহণ করেছেন।
রানার্সআপ মোহামেডানের খেলোয়াড়েরা পুরস্কার নেওয়ার পর চ্যাম্পিয়ন কিংসের খেলোয়াড়দের ব্যক্তিগত পদক নিতে ডাকাই হয়নি। কারণ, ততক্ষণে আয়োজক বাফুফে বুঝে গেছে, কিংসের খেলোয়াড়েরা মঞ্চে আসবেন না। খেলোয়াড়দের অনুপস্থিতিতে একা কোচ বায়েজিদ আলমই সব সামলান।



















