কোলম্যানের বাংলাদেশ আসা হচ্ছে না

কোলম্যানের বাংলাদেশ আসা হচ্ছে না

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কোচ হিসেবে ক্রিস কোলম্যানের আসার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না। অনেক নাটকীয়তার পর আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোজাসাপটাই জানিয়ে দিয়েছেন, কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না! মূলত শেষ মুহূর্তে এজেন্ট ফি সংক্রান্ত জটিলতার কারণেই সাবেক এই ওয়েলস কোচের বাংলাদেশে আসার পথ বন্ধ হয়ে গেছে।

ফেডারেশন কাপের ভেন্যু জটিলতা নিয়ে সভা শেষে আজ রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি বলেন, ‘১৫ মের মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম তখন এজেন্টের ফি’র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজী নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে কাজ করছি। সেটা আজকালের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বাফুফে সভাপতি সরাসরি কোলম্যানের নাম না বললেও কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত জাতীয় দল কমিটির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, কোলম্যানের সঙ্গেই চুক্তিটা এগিয়েছিল তাদের। শেষ পর্যন্ত এজেন্ট ফির গ্যাঁড়াকলে থেমে যায় সেটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।