২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লম্বা সময় পেরিয়ে গেলেও এর মধ্যে ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি তাঁর। শুধু আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জেতাই এই ক্লাবের হয়ে তাঁর একমাত্র অর্জন। একপর্যায়ে মনে হয়েছে, বড় কোনো সাফল্য ছাড়াই হয়তো আল নাসর অধ্যায় শেষ করবেন পর্তুগিজ মহাতারকা।
তবে সেই আশঙ্কার মেঘ এবার কেটে যাওয়ার অপেক্ষা। রোনালদো এখন প্রথমবারের মতো সৌদি প্রো লিগ জেতার দ্বারপ্রান্তে। বিশেষ করে গতকাল রাতে আল আহলির বিপক্ষে আল নাসরের ২-০ গোলে জয়ের পর লিগ ট্রফিটা পর্তুগিজ কিংবদন্তির হাতের নাগালে চলে এসেছে।
শীর্ষে থাকা আল নাসরের সংগ্রহ ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট। দ্বিতীয় আল হিলালের পয়েন্ট ২৯ ম্যাচে ৭১। অর্থাৎ এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে আল নাসর। এ পরিস্থিতিতে নাটকীয় কোনো পতন না হলে রোনালদোদের শিরোপা জয় সময়ের ব্যাপারই বলা যায়।



















