হেক্টর বেলেরিনের জন্ম বাদালোনোয়। কাতালুনিয়ার বার্সেলোনা শহরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এই অঞ্চল। স্বাভাবিকভাবেই বার্সেলোনার প্রতি তাঁর একটা টান থাকার কথা। আর সেখানকার ক্লাব বার্সেলোনাতেও খেলেছেন এক মৌসুম। গতকাল রাতে রিয়াল মাদ্রিদের জালে তাঁর গোলে বার্সার সমর্থকেরাও নিশ্চয়ই খুশি হয়েছেন?
গোলটি বেলেরিনের দল রিয়াল বেতিসের যতটা কাজে লেগেছে, তার চেয়ে বেশি উপকার করেছে যে বার্সার! শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বেতিসের মাঠে নেমেছিল রিয়াল।
ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এই পয়েন্ট ব্যবধানকে ছয়ে নামিয়ে আনার স্বপ্নও দেখছিল আলভারো আরবেলোয়ার দল। কিন্তু যোগ করা সময়ে (৯৪ মিনিট) বার্সার সাবেক ডিফেন্ডার বেলেরিনের গোলে শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে তিন পয়েন্টের বদলে মাত্র ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে রিয়াল।



















