ল্যাম্পার্ড চেলসির কোচ হবেন কিনা তা নিশ্চিত নয়

ল্যাম্পার্ড চেলসির কোচ হবেন কিনা তা নিশ্চিত নয়

চেলসি বর্তমানে প্রিমিয়ার লিগে বেশ বাজে সময় কাটছে। সর্বশেষ টানা পাঁচ ম্যাচে গোল নেই, পয়েন্ট টেবিলে ধুঁকতে ধুঁকতে অবস্থান এখন আটে। যাঁর অধীনে মৌসুমটা শুরু করেছিল চেলসি, সেই এনজো মারেসকাকে জানুয়ারিতে ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয়েছিল রোজেনিওকে। কিন্তু ২৩ ম্যাচে ১১ জয় ২ ড্র আর ১০ হারের পর ২২ এপ্রিল তাঁকেও বিদায় বলে দিয়েছে চেলসি ম্যানেজমেন্ট।

এখন নতুন কোচ খুঁজছে ক্লাব, আর খোঁজখবরের মধ্যেই ল্যাম্পার্ডের নামটা শোনা যাচ্ছে জোরেশোরে। তবে চেলসির এই কিংবদন্তি মিডফিল্ডার ওসব গুঞ্জনে কান দিচ্ছেন না। তিনি ব্যস্ত নিজের সাফল্য উদ্‌যাপনে। ২০২৪ সালের নভেম্বরে কভেন্ট্রির দায়িত্ব নিয়েছিলেন। এরপর ৮০ ম্যাচে ৪৪ জয়। ফলাফল? চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে কভেন্ট্রি এখন প্রিমিয়ার লিগে।

চেলসির বর্তমান দুর্দশা নিয়ে ল্যাম্পার্ডের কণ্ঠে ঝরল খানিকটা সহানুভূতিও, ‘নিঃসন্দেহে ওরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কোচ হিসেবে আমরা জানি, এমন সময়ে ফলাফল কী হতে পারে। চেলসি আমার জীবনের বড় একটা অংশ, কিন্তু এখন ওটা ওদের ব্যাপার। আমার সবটুকুজুড়ে এখন শুধু কভেন্ট্রি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।