আউট হওয়ার পর মাঠ থেকে ড্রেসিংরুম পর্যন্ত যাওয়ার পুরো সময়টাতেই চলল লিটন দাসকে দর্শকদের অভিনন্দন জানানো করতালি। মুশফিকুর রহিম তো সিঁড়িতেই নেমে এলেন তাঁর পিঠ চাপড়ে দিতে। এরও ঘণ্টাখানেক পর লিটন সংবাদ সম্মেলনে কথা বলতে এলেন। এত কিছুর পর লিটনের মধ্যে ক্লান্তি দেখাটাই প্রত্যাশিত ছিল। ক্লান্ত লিটন নিশ্চয়ই ছিলেন। কিন্তু তাঁর কথায়, তাঁর রসিকতায় ঢাকা পড়ে গেল সব।
লিটন দাস বলেছেন, তিনি পরপর দুইটা ইনিংসে আউট হয়েছেন বাউন্সারে। তাই পাকিস্তানের বোলাররা তাঁর বিরুদ্ধে টানা বাউন্সার দিয়েছেন। লিটন সেসবে পুল–হুকে বাউন্ডারি মেরেছেন, শেষে অবশ্য তেমন শটেই ক্যাচ তুলে দিয়েছেন।
লিটনের সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে ২৭৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তাতেও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই দল। লিটনের ব্যাটিংয়ের সময়ই বোঝা গিয়েছিল, সময়ের সঙ্গে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো হচ্ছে।



















