বৃষ্টিই কি অঙ্কটা বদলে দিল? উত্তরটা পেতে আজকের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই। গত ২৭ এপ্রিল বছরের প্রথম টি–টুয়েন্টি সিরিজটা বাংলাদেশ শুরু করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে মনে রাখার মতো এক জয় দিয়ে। চট্টগ্রামে দুই দিন পরের দ্বিতীয় টি–টুয়েন্টিটা তাই হয়ে গিয়েছিল সিরিজ জয়ের হাতছানির।
কিন্তু বৃষ্টির দাপট সেদিন এতই তীব্র ছিল যে বুধবারের সেই ম্যাচের টসও হয়নি। মিরপুরে আজ তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিটা তাই একদিকে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের সুযোগের, আরেক দিকে নিউজিল্যান্ডের জন্য সিরিজে সমতা আনার।
আগের ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা গেলে সেরা একাদশের বাইরের ক্রিকেটারদের পরখ করে দেখতে পারত বাংলাদেশ। এখন সেই সুযোগ কতটা নেওয়া যাবে, তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।



















