গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছিলেন ওয়ানডেকে, তারও তিন বছর আগে টি–টুয়েন্টি সংস্করণ থেকেও সরে দাঁড়ান। ৩৯ বছর বয়সী মুশফিকুর রহিম এখন খেলেন শুধু টেস্টে। এ সংস্করণে পারফর্ম করছেন নিয়মিত, তাঁর ফিটনেস নিয়ে তো প্রশ্ন ছিল না কখনোই।
গত বছর ওয়ানডে দলও পরপর চারটা সিরিজ হেরেছিল। ভালো করতে পারছিল না মিডল অর্ডার। মুশফিকুর রহিমকে তাই ওয়ানডেতে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে অবশ্য সাড়া দেননি।
কেন? সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে উত্তর দিলেন মুশফিক, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশা আল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি যে আমার ও রকম সার্ভিস দরকার হবে না।’
বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক ছিলেন মুশফিক। দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে তাঁর সেঞ্চুরি ৯টি, ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। তবে এখন আর রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার পরিকল্পনা নেই তাঁর।



















