বাংলাদেশের উদ্যাপন তখনো শেষ হয়নি। এর মধ্যেই সংবাদ সম্মেলনে চলে এলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাড়াহুড়ো করে শুরু হওয়া প্রশ্ন–উত্তরপর্বে থাকা দুজন সাংবাদিকের একজন তাঁর কাছে জানতে চাইলেন, ‘এটাই কি অধিনায়ক হিসেবে আপনার শেষ ম্যাচ?’
শান মাসুদ কথা বলতে চাইলেন শুধু এই সিরিজ নিয়ে, নেতৃত্ব নিয়ে নয়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজ হারেও তিনিই ছিলেন পাকিস্তানের অধিনায়ক। এখন পর্যন্ত ১৬ ম্যাচের টেস্ট অধিনায়কত্বের অধ্যায়ে মাসুদ জয় পেয়েছেন মাত্র চারটিতে।
পাকিস্তান অধিনায়ক জানিয়ে গেছেন একটা চাওয়া, ‘আমাদের আরও টেস্ট ম্যাচ খেলতে হবে, সেটা বাংলাদেশ হোক বা অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে। দুই ম্যাচ নয়, আরও বেশি ম্যাচের সিরিজ খেলতে চাই আমরা। কারণ, কখনো কখনো আপনি যখন নতুন জায়গায় আসবেন, একটা ম্যাচ লেগে যায় কিছু জিনিস বুঝতেই। ভালো হয় যদি আমরা তিন–চার ম্যাচের সিরিজ খেলি।’



















