মিরপুর টেস্টে প্রথম দিনটা ছিল বাংলাদেশের দখলে। কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচের চিত্র বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তান। দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৯ রান। তারা এখনো পিছিয়ে ২৩৪ রানে। অভিষিক্ত আজান আওয়াইসের অপরাজিত ফিফটিতে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান।
আগামীকাল সকালে আওয়াইসের (৮৫) সঙ্গে ব্যাট করতে নামবেন অপরাজিত থাকা আব্দুল্লাহ ফজল (৩৭)। দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে ছিল ছয় উইকেট, লক্ষ্য ছিল চারশ রান পার করা।
তবে সকালের সেশনেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। জন্মদিনে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মুশফিকুর রহিম। দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন তিনি।



















