চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণভাগের শক্তি দেখিয়ে জিতেছিল পিএসজি। গতকাল রাতে ফিরতি লেগে তারা দেখাল কীভাবে রক্ষণ আগলে রেখে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে গোল করে পিএসজি। তাতে দুই লেগ মিলিয়ে ৬–৪ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ম্যাচটা হেলে পড়েছিল পিএসজির দিকে। ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে অসাধারণ কিছুই করতে হতো বায়ার্ন মিউনিখকে। জার্মান ক্লাবটি মরিয়া চেষ্টা করেছে। কিন্তু অনেক পাহাড় ডিঙানোর পর শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোলটা শুধু ব্যবধানই কমিয়েছে, সেমিফাইনাল থেকে বায়ার্নের বিদায় ঠেকাতে পারেনি। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে আনন্দের কথা বলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তরুণ তুর্কি দেজিরে দুয়ে প্রশংসা করেছেন নিজেদের রক্ষণের। আর এই ম্যাচ জিতে এখন ইতিহাসের একটি পাতায় রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি।
গতকাল রাতে ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেল ‘ক্যানাল প্লাস’কে এনরিকে বলেছেন, ‘আজ রাতে প্রমাণ করেছি দল হিসেবে আমরা কেমন। রক্ষণ আর আক্রমণ—দুদিকেই আমরা পরিপক্ভতার পরিচয় দিয়েছি। কোচ হিসেবে এমন পারফরম্যান্স দেখা ছিল দারুণ এক অনুভূতি।’
পিএসজি উইঙ্গার দেজিরে দুয়ে নিজেদের রক্ষণের প্রশংসা করে বলেছেন, ‘আমরা সব সময় জাদুকরি বা অসাধারণ ফুটবল খেলে জিততে পারি না। আজ আমাদের অনেকক্ষণ রক্ষণ সামলাতে হয়েছে, আর সেটা আমরা খুব ভালোভাবেই করেছি।’



















