বায়ার্ন মিউনিখকে হারিয়ে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে পিএসজি ফাইনালে জায়গা করে নিয়েছে। পিএসজি এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি গোল করা দল বায়ার্ন মিউনিখকে তাদের নিজেদের মাঠেই বোবা বানিয়ে রেখেছে। ম্যাচের মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় গোল করে পিএসজিকে ৬-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে দেন উসমান দেম্বেলে।
শুরুতেই গোল খেয়ে যাওয়ার দায়টা অবশ্য বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকেই নিতে হবে। নিজের একাদশে ফুলব্যাকদের পজিশন অদলবদল করেছিলেন বায়ার্ন কোচ, যে সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাঁ প্রান্ত দিয়ে খিচা কাভারাস্কেইয়া যখন বিদ্যুৎ গতিতে ঢুকে বল বাড়ালেন, তখন উসমান দেম্বেলে একদম একা। ইয়োসিপ স্তানিসিচ পুরোপুরি ভুলে গেছেন তাঁকে মার্ক করতে। ব্যালন ডি'অর বিজয়ী দেম্বেলে কি আর এই সুযোগ হাতছাড়া করেন!



















