সিলেটে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট পাকিস্তান হেরে গেলে রেকর্ডটা হয়ে যাবে তাদের একার। গতকালও মুষলধারার বৃষ্টিতে দুই দলের অনুশীলনের বেশির ভাগটাই আটকে রাখতে হয়েছে ইনডোরে। শুধু তো অনুশীলনে বাগড়া হয়ে নয়, আবহাওয়ার পূর্বাভাস ঠিক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী পাঁচ দিন বৃষ্টি আসার কথা প্রায়ই। ম্যাচটাও তাই থমকে যাওয়ার কথা বারবার। শেষ পর্যন্ত যদি আবহাওয়া ম্যাচটা ঠিকঠাক মাঠে গড়াতে না দেয়, তাহলেও অবশ্য সিরিজ জিতবে বাংলাদেশই।
পাকিস্তান এখন বড়জোর সিরিজ বাঁচাতে পারে। এমন ম্যাচে নামার আগে তাদের জন্য সুসংবাদ বলতে অভিজ্ঞ বাবর আজমের ফেরা। এ ছাড়া সবকিছু আগের মতো। সিলেটের উইকেটে কাল পর্যন্ত যা ঘাস ছিল, তাতে বাংলাদেশের পেসারদের কাছে আরও একবার বিধ্বস্ত হওয়ার সব আশঙ্কা পাকিস্তানের আছে।
বাংলাদেশের ব্যাটিংয়ে অবশ্য বদলটা অবধারিতই। আরেকটু নির্দিষ্ট করে বললে তা আসলে ওপেনিংয়ে। আগের ম্যাচের দুই ইনিংসে ১৮ ও ১৫ রানের জুটি গড়া সাদমান ইসলাম ও মাহমুদুল হাসানের কেউই হয়তো থাকবেন না আজ।



















