চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মাঠে কোনো স্প্যানিশ ক্লাব থাকবে না। কিন্তু স্প্যানিশ ফুটবলের ছাপ থাকবে ঠিকই। অন্তত ডাগআউটে তো বটেই। কারণ, ফাইনালের দুই দল পিএসজি ও আর্সেনালের কোচ হিসেবে মাঠে থাকবেন দুই স্প্যানিশ লুইস এনরিকে ও মিকেল আরতেতা। ফাইনাল নিশ্চিত করেই নতুন এক ইতিহাস গড়েছেন এই দুই কোচ।
এনরিকে ও আরতেতা—দুজনই এখন নিজেদের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। আর এই ফাইনালে তাঁরা দুজনই নিজেদের মতো করে ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন। তবে শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে ফাইনাল পর্যন্ত।
এবার ফাইনালে উঠে অনন্য এক নজির গড়তে যাচ্ছেন এনরিকে ও আরতেতা। ইতিহাসে এই প্রথম একই দেশের দুই কোচ ফাইনালে লড়বেন, কিন্তু সেই দেশের (স্পেন) কোনো ক্লাবই শিরোপার লড়াইয়ে নেই। শুধু তা–ই নয়, চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও প্রথমবারের মতো দেখা যাবে দুজন স্প্যানিশ কোচের লড়াই। এমন দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি।



















