অধিনায়ক লিটন দাস আসলে কেমন? এর একটা উত্তর বোধ হয় পাওয়া যাবে আজ তাঁর সংবাদ সম্মেলনের কথাগুলো শুনলে। সিরিজ শুরুর আগেই তিনি রান চেয়েছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় আজ প্রকাশ্যে তাঁদের সমালোচনাও করেছেন অধিনায়ক।
এবার একটু পেছন ফিরে দেখা যাক। গত বছর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন। সে সময় সংবাদ সম্মেলনে এসে সবাইকে ‘চমকে’ দিয়ে লিটন প্রধান নির্বাচকের ওপর তোপ দেগেছিলেন। নিজের খেলোয়াড়দের প্রয়োজনের সময় আগলে রাখার খ্যাতিটা তাঁর আগে থেকেই আছে।
কিন্তু আজ লিটন সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষোভ জানালেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে। তৃতীয় টি-টুয়েন্টিতে আজ শেষ ২৫ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন মনে করেন, এমন ঘটনা নিয়মিত ঘটায় ভুগতে হচ্ছে দলকে।



















