গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সার্চের সুবিধা 'এআই ওভারভিউস' আবারও সমালোচনার মুখে পড়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, কিছু শব্দের অর্থ জানতে সার্চ করলে গুগল এখন আর আগের মতো অভিধানভিত্তিক সঠিক অর্থ দেখাচ্ছে না। অনেক ক্ষেত্রে শব্দগুলোকে নির্দেশনা বা কমান্ড হিসেবে ব্যাখ্যা করে অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছে।
এআই ওভারভিউস হলো গুগল সার্চের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা, যা সার্চ ফলাফলের শুরুতে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত সারাংশ দেখায়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট শব্দের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুসন্ধানের উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছে না সুবিধাটি।
গুগলের এআই ওভারভিউস এর আগেও ভুল বা অদ্ভুত তথ্য দেওয়ার কারণে সমালোচিত হয়েছে। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি উদাহরণের মধ্যে ছিল পিৎজায় আঠা ব্যবহার করার পরামর্শ ও 'ব্লিঙ্কার ফ্লুইড'কে বাস্তব পণ্য হিসেবে উপস্থাপন করা।




















