পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবারও পর্যটকদের বরণে প্রস্তুত। বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্যে ঘেরা এ জনপদে প্রতিবছরের মতো এবারও ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নামার প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। তবে ঘন ঘন ঝড়বৃষ্টি, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব, ট্রেনের টিকিট সংকট ও সড়কপথের যানজট ঘিরে এবার ঈদ পর্যটনে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
পর্যটনসংশ্লিষ্টরা বলেন, শ্রীমঙ্গলে আছে সারি সারি চা-বাগান, পাহাড় ও টিলার মনোমুগ্ধকর দৃশ্য। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রগুলোর মধ্যে আছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, চা জাদুঘর, হাইল হাওর, বাইক্কা বিল, নীলকণ্ঠ সাত রঙের চা কেবিন, লাল পাহাড়, শঙ্কর টিলা, গরম টিলা ও ভাড়াউড়া লেক। পাশাপাশি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও নূরজাহান চা-বাগানও পর্যটকদের অন্যতম গন্তব্য।
ঈদকে সামনে রেখে চা-বাগান ও পাহাড়ঘেরা বিভিন্ন রিসোর্ট, ইকো কটেজ, গেস্ট হাউস ও হোটেল নতুন সাজে সেজে উঠেছে। পর্যটকদের আকৃষ্ট করতে বাড়ানো হয়েছে খাবারের বৈচিত্র্য এবং রাখা হয়েছে পরিবারভিত্তিক বিনোদনের ব্যবস্থাও। তবে প্রস্তুতির মধ্যেও বিরূপ আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কারণে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।



















