কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বে পডকাস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বে পডকাস্ট

ডিজিটাল অডিওনির্ভর আধেয় বা কনটেন্টের জগতে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পডকাস্টের (অডিও অনুষ্ঠান) উপস্থিতি। পডকাস্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রকাশিত নতুন পডকাস্টের প্রায় ৩৯ শতাংশই ‘সম্ভবত’ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশ্লেষক ও নিয়মিত শ্রোতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, মানবিক সৃজনশীলতা ও উপস্থাপনার জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে যান্ত্রিকভাবে তৈরি নিম্নমানের অনুষ্ঠান। আর তাই প্রযুক্তি বিশ্লেষকদের অনেকে এ ধরনের পডকাস্টের নাম দিয়েছেন ‘পডস্লপ’।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অডিও অনুষ্ঠান দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলোতে মৌলিকতা, ব্যক্তিত্ব ও মানবিক সংযোগের ঘাটতি রয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পডকাস্ট তৈরি করা আগের যেকোনো সময়ের তুলনায় সহজ হয়ে গেছে। নোটবুকএলএমের মতো বিভিন্ন টুল ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা যাচ্ছে কৃত্রিম সঞ্চালকসমৃদ্ধ অডিও অনুষ্ঠান। ব্যবহারকারী নির্দিষ্ট কিছু তথ্যসূত্র দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই আলোচনা তৈরি করে দুই ভার্চ্যুয়াল উপস্থাপকের কথোপকথন সাজিয়ে দিতে পারে। চাইলে ব্যবহারকারীরা নিজেদের মন্তব্যও তাতে যুক্ত করতে পারেন।

প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সমালোচকেরা বলছেন, এর ফলে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে মানুষের সৃজনশীল অংশগ্রহণের ক্ষেত্র। বাস্তব মানুষের অভিজ্ঞতা, আবেগ, স্বতঃস্ফূর্ততা ও ব্যক্তিগত উপস্থাপনার জায়গায় অ্যালগরিদমনির্ভর ভাষা ও কণ্ঠ ক্রমেই জায়গা করে নিচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।