প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২: ১৩ দেশে বজ্রপাতের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়ার ঝুঁকিও বেড়েছে। টিভি, কম্পিউটার, রাউটার, ফ্রিজসহ বিভিন্ন যন্ত্র বজ্রপাতের সময় হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ বা পাওয়ার সার্জের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অনেক ক্ষেত্রে সরাসরি বজ্রপাত না হলেও বিদ্যুৎ লাইনের মাধ্যমে আসা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ডিভাইসের সংবেদনশীল সার্কিট পুড়িয়ে দিতে পারে। তবে কিছু সহজ সতর্কতা মেনে চললে এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।
বজ্রপাতের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। শুধু সুইচ বন্ধ রাখলেই যথেষ্ট নয়, বরং টিভি, কম্পিউটার, রাউটারসহ সব ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা উচিত। কারণ বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনে হঠাৎ উচ্চ ভোল্টেজ প্রবাহিত হয়ে সরাসরি ডিভাইসে পৌঁছে সেটিকে নষ্ট করে দিতে পারে।
চার্জিং অবস্থায় থাকা ডিভাইসগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করলে হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি সরাসরি ব্যাটারি ও সার্কিটে আঘাত করতে পারে। তাই বজ্রপাতের সময় এসব ডিভাইস চার্জে না রাখা এবং চার্জার খুলে রাখা জরুরি।




















