জামালপুর শহরের বানিয়া বাজারসংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে কথা হয় হেলাল উদ্দিনের সঙ্গে। তাঁর বাড়ি জামালপুরের সীমান্তবর্তী শেরপুর সদর উপজেলার রামেরচর এলাকায়। জামালপুর শহর থেকে তাঁর বাড়ির দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। প্রায় প্রতিদিনই ভ্যানে করে তিনি সবজি নিয়ে জামালপুর শহরে বিক্রি করতে আসেন।
হেলাল উদ্দিন জানান, তাঁর দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেও বিয়ের পর আলাদা থাকছেন। এই বয়সেও তাঁকে প্রতিদিন পরিশ্রম করে সংসার চালাতে হয়। অল্প পুঁজির ব্যবসা। তাই এক দিন বসে থাকলে আর সংসার চলে না। চাষের জমিজমাও নেই। সবজি বিক্রির আয়ের ওপর নির্ভর করে সব খরচ।




























