ডিজিটাল যুগে অনেক অভিভাবকই সন্তানের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তবে এ অভ্যাস শিশুদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে এক গবেষণায় জানিয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি।
গবেষণায় দেখা গেছে, যেসব অভিভাবক নিজেদের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী, তাঁরা সন্তানের তথ্য শেয়ার করার ক্ষেত্রে বেশি সতর্ক থাকেন। তাঁরা সাধারণত সংবেদনশীল তথ্য এড়িয়ে চলেন, পরিচিত মানুষের মধ্যেই তথ্য সীমিত রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় শেয়ারিং কমানোর চেষ্টা করেন।
গবেষক অক্টাভিয়ানো জানিয়েছেন, অভিভাবকেরা বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন করেন এবং ঝুঁকি বুঝতে সক্ষম হন। ফলে তাঁরা আরও সচেতনভাবে পদক্ষেপ নেন।




















