ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সহজ ও নিরাপদ করতে মেটা নতুন একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে একাধিক অ্যাপ ও যন্ত্রে ব্যবহার করা নিরাপত্তা সেটিংস এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে মেটার সব সেবার জন্য একটি একক পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এতে একাধিক লগইনের তথ্য মনে রাখার প্রয়োজন হবে না।
মেটা জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ তাদের বিভিন্ন সেবার পরিসর দ্রুত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন যন্ত্রের ব্যবহার। এর ফলে ব্যবহারকারীদের একাধিক অ্যাকাউন্ট, নাম ও লগইন–সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা ক্রমেই জটিল হয়ে উঠছে।
এই প্রেক্ষাপটে বিদ্যমান অ্যাকাউন্টস সেন্টারের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন ‘মেটা অ্যাকাউন্ট’ ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী এক বছরে ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।




















