গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন 'গুগল আই/ও ২০২৬' শুরু হচ্ছে ১৯ মে। দুই দিনের এই সম্মেলনে জেমিনি, অ্যান্ড্রয়েড, ক্রোমসহ গুগলের বিভিন্ন পণ্য ও সেবার হালনাগাদ আনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা প্রদর্শন করবে গুগল। তবে প্রযুক্তি বিশ্বে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গুগলের নতুন এআই সহকারী অ্যাপ 'কসমো' ভুলবশত প্রকাশ্যে চলে এসেছে।
গুগলের নতুন এআই সহকারী অ্যাপ 'কসমো' প্রায় ১ দশমিক ১৩ গিগাবাইট আকারের ছিল এবং এটি ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে সক্ষম ছিল। অ্যাপটিতে তিন ধরনের ব্যবহারপদ্ধতির উল্লেখ পাওয়া গেছে। 'ন্যানো-ওনলি' মোডে সম্পূর্ণ অফলাইনে কাজ করা যাবে। অন্যদিকে অ্যাপটিতে সার্ভারনির্ভর ও একটি হাইব্রিড পদ্ধতি রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কসমো অ্যাপটিতে গুগলের এমন ১৪টি সুবিধা যুক্ত ছিল যেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বাজারে আনেনি প্রতিষ্ঠানটি। তবে সব সুবিধা ডিফল্টভাবে চালু ছিল না। এ তালিকায় রয়েছে লিস্ট ট্র্যাকার, ক্যালেন্ডার ইভেন্ট সাজেস্টার এবং গুগলের নিজস্ব ওয়েব অটোমেশন টুল 'মেরিনার' দ্বারা পরিচালিত ব্রাউজার এজেন্ট।




















