প্রযুক্তিবিশ্বের প্রায় সব ক্ষেত্রেই অ্যান্ড্রয়েডের উপস্থিতি থাকলেও ব্যক্তিগত কম্পিউটারের ক্ষেত্রে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি গুগল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রোয়েডের ব্যাপক জনপ্রিয়তা এবং প্রচলিত কম্পিউটিং–ব্যবস্থায় এর সীমিত উপস্থিতি গুগলকে নতুন কিছু ভাবতে বাধ্য করেছে। এ কারণে ক্রোমওএস এবং অ্যান্ড্রোয়েডকে একীভূত করে ডেস্কটপ–নির্ভর নতুন অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে অপারেটিং সিস্টেমটির নাম ‘অ্যালুমিনাম ওএস’ রাখা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেস্কটপ–নির্ভর নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও গত বছরের সেপ্টেম্বরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটে একীভূত নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। সেসময় গুগল জানিয়েছিল, কোয়ালকমের সঙ্গে যৌথভাবে এমন একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে মোবাইল ও ডেস্কটপ কম্পিউটার একসঙ্গে কাজ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হবে এর মূল ভিত্তি।




















