হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা নিরাপদে রাখতে সেগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ রয়েছে। বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার ন্যূনতম সময়সীমা ২৪ ঘণ্টা হওয়ায় প্রাপক বার্তা পড়ার পরও সেগুলো চ্যাট বক্সে দেখা যায়। এ সমস্যা সমাধানে পাঠানো বার্তা পড়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্য ‘আফটার রিডিং’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটিংস থেকে ‘আফটার রিডিং’–সুবিধা চালু বা বন্ধ করা যাবে। কেউ যদি ‘আফটার রিডিং’ মোডে পাঁচ মিনিট সময় নির্ধারণ করে বার্তা পাঠান, তাহলে গ্রাহক বার্তাটি না খোলা পর্যন্ত সেটি চ্যাট বক্সে দেখা যাবে। প্রাপক বার্তাটি পড়ার পর থেকেই সময় গণনা শুরু হবে এবং নির্ধারিত পাঁচ মিনিট শেষ হলে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।




















