বর্তমানে গুগলের 'এআই ওভারভিউ' সুবিধায় সার্চ ফলাফলের ওপরের অংশেই এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। চালুর অল্প কিছুদিনের মধ্যেই এআইনির্ভর সুবিধাটি জনপ্রিয়তা পাওয়ায় এবার জিমেইলেও এআই ওভারভিউ চালু করতে যাচ্ছে গুগল।
জিমেইলে এআই ওভারভিউ চালু হলে ইনবক্সে থাকা ই–মেইলগুলোর ভেতরের তথ্যগুলো এআইয়ের মাধ্যমে সংক্ষিপ্তভাবে দেখা যাবে। ফলে জিমেইল ব্যবহারকারীরা সহজেই গুরুত্বপূর্ণ ই–মেইলগুলো শনাক্ত করতে পারবেন।
জিমেইলের এআই ওভারভিউ কাজে লাগিয়ে সার্চ অপশনে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে। অর্থাৎ ব্যবহারকারীদের প্রশ্নের ধরন বুঝে একাধিক ই–মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করে দেখাবে জিমেইল।




















