কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ই–মেইল লেখার সুবিধা ‘হেল্প মি রাইট’–এ নতুন পার্সোনালাইজড সুবিধা যুক্ত করেছে গুগল। ফলে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ই–মেইলের খসড়া এখন ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন, ভাষার ভঙ্গি ও উপস্থাপনার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জেমিনি প্রযুক্তিচালিত ‘হেল্প মি রাইট’ টুলে দুটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর একটি হলো ‘টপিক কনটেক্সচুয়ালাইজেশন’।
গুগলের প্রকাশ করা একটি উদাহরণে দেখা গেছে, একজন ব্যবহারকারী সাম্প্রতিক ইনফ্লুয়েন্সার প্রচারণা নিয়ে একটি ই–মেইল লিখছেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল ড্রাইভে থাকা নথি থেকে সংশ্লিষ্ট প্রচারণার নাম সংগ্রহ করছে।
একই সঙ্গে সাম্প্রতিক ই-মেইল বিশ্লেষণ করে প্রচারণার অগ্রগতি-সংক্রান্ত তথ্যও খসড়ায় যুক্ত করছে। শুধু তা-ই নয়, পুরো ই-মেইলের ভাষাও ব্যবহারকারীর স্বাভাবিক কথোপকথনের ধাঁচ অনুযায়ী আরও সহজ ও সাবলীল করে উপস্থাপন করা হচ্ছে।




















