দেশের বাজারে অনার ৬০০ সিরিজের 'অনার ৬০০ প্রো', 'অনার ৬০০' ও 'অনার ৬০০ লাইট' মডেলের নতুন তিন প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টওয়াচ এবং ইয়ারবাড উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, 'প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে কাজ করার জন্য আমরা আলফা ল্যাব স্থাপন করেছি। এই গবেষণাগারে ফোনের ব্যাটারি, পর্দা, রোবোটিকস ও এআই নিয়ে গবেষণা চলছে।
অনার ৬০০ সিরিজের ফোনগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। অনারের নিজস্ব 'এআই ইমেজ টু ভিডিও ২.০' টুলও রয়েছে ফোনগুলোতে। টুলটির মাধ্যমে সাধারণ স্থির ছবি থেকে মুহূর্তেই উচ্চমানের ভিডিও তৈরি করা সম্ভব।




















