বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে হোম ও লাইফস্টাইলনির্ভর বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি সেগুলো বাজারজাতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোন ও এআইওটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস) প্রযুক্তিনির্ভর পণ্য উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে শাওমি। আর তাই বাংলাদেশের নাগরিকদের আরও স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইল পণ্যে আগ্রহী করে তুলতে শাওমির হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো বাজারে আনা হয়েছে।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। ক্রেতারা এখন আলাদা আলাদা প্রযুক্তি পণ্য ব্যবহারের বদলে এমন প্রযুক্তি চান, যা তাঁদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সলিউশন দেওয়ার মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।’
শাওমির বাজারে আনা হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার। ১০ দশমিক ৫ কেজি ওজনের এই ওয়াশার ড্রায়ারের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা। ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকাতে পারে ওয়াশার ড্রায়ারটি।




















