ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে অনেক সময় পরিচিত একটি বাক্স চোখে পড়ে। সেখানে লেখা থাকে ‘আই অ্যাম নট আ রোবট’। নিচে থাকে টিক দেওয়ার ঘর। ব্যবহারকারী মানুষ নাকি বট, তা শনাক্ত করার এই প্রযুক্তি ক্যাপচা নামে পরিচিত। নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ক্যাপচা এতই পরিচিত যে অনেকেই না ভেবে ক্যাপচার নির্দিষ্ট ঘরে ক্লিক করেন। ব্যবহারকারীদের এই প্রবণতা কাজে লাগিয়ে ভুয়া ক্যাপচার ফাঁদে ফেলে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করানো হচ্ছে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার (এসিএসসি)।
এসিএসসির তথ্য অনুযায়ী, ভুয়া ক্যাপচা ও ব্রাউজার ভেরিফিকেশন বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটারে ‘ভিডার স্টিলার’ নামের ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে সাইবার অপরাধীরা। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের হ্যাকড হওয়া ওয়েবসাইট ব্যবহার করে ম্যালওয়্যার হামলা চালানো হচ্ছে। এসব ওয়েবসাইটে প্রবেশের পর ব্যবহারকারীদের সামনে ভুয়া ক্যাপচা দেখানো হয়। সেখানে একটি পাওয়ারশেল কমান্ড কপি করে কম্পিউটারে চালুর নির্দেশ দেওয়া হয়। ব্যবহারকারী নির্দেশনা অনুসরণ করলেই কম্পিউটারে সক্রিয় হয়ে যায় এবং গোপনে তথ্য চুরি করতে থাকে ভিডার স্টিলার ম্যালওয়্যার।




















