উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জিরো-ডে ঘরানার তিনটি ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ত্রুটিগুলো কাজে লাগিয়ে ইতিমধ্যে সাইবার হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত এক নিরাপত্তা–গবেষক। তিনি জানিয়েছেন, ত্রুটিগুলোর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকে সিস্টেম বা অ্যাডমিন পর্যায়ের নিয়ন্ত্রণ নিতে পারে, যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
উইন্ডোজে থাকা নিরাপত্তাত্রুটিগুলোর মধ্যে ‘ব্লুহ্যামার’ ও ‘রেডসান’ নামের দুটি দুর্বলতা মাইক্রোসফট ডিফেন্ডারের লোকাল প্রিভিলেজ এসকেলেশন (এলপিই) ধরনের। তৃতীয় দুর্বলতাটি ‘আনডিফেন্ড’ নামে পরিচিত। এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারী হিসেবেই ডিফেন্ডারের ডেফিনিশন হালনাগাদ বন্ধ করে দেওয়া সম্ভব।
দুর্বলতাগুলো প্রকাশের সময় এগুলোকে জিরো ডে হিসেবে বিবেচনা করা হয়। কারণ, তখন পর্যন্ত এসব ত্রুটির কোনো আনুষ্ঠানিক নিরাপত্তা হালনাগাদ (প্যাচ) প্রকাশ করা হয়নি।




















