আমার আম্মুর অদম্য মানসিক শক্তি আমাকে ভেতর থেকে গড়ে তুলেছে। তিনি সবসময় সবচেয়ে ভালো বিশ্লেষণ করতে পারতেন—কোথায় আমার শক্তি, কোথায় দুর্বলতা, কোন শিক্ষক আমার দরকার, এমনকি কোন লেখকের বই আমার জন্য ভালো। এসবের ব্যবস্থা করা থেকে শুরু করে প্রতিটি সিদ্ধান্ত থেকে সেরা ফলটা যেন আমি পাই, আম্মুই তা নিশ্চিত করেছে।
আমি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি পিএইচডি শেষ করেছি। আমেরিকার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আটটি আইভি লিগ প্রতিষ্ঠানের একটি ব্রাউন। বর্তমানে আরেকটি আইভি লিগ বিশ্ববিদ্যালয় ডার্টমাউথ কলেজে পোস্টডক্টরাল রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি।
আমার আজকের এই অবস্থানকে যদি একটি ভবনের সঙ্গে তুলনা করি, তাহলে বলব, প্রতিটি ইটের গাঁথুনি আমার আম্মুর দেওয়া। ৩০ বছর ধরে খুব ভোরে উঠে আম্মু যে তাঁর দিন শুরু করেন, এই সাজানো–গোছানো ভবন তারই প্রতিফলন।





























