ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা কিংবা ভ্রমণে বের হওয়ার আগে সঠিক প্রস্তুতি থাকা জরুরি। উৎসবের আনন্দ যেন কোনো ছোটখাটো আঘাত বা শারীরিক অসুস্থতায় মাটি না হয়, সে জন্য একটি ছোট কিন্তু সম্পূর্ণ ট্রাভেল মেডিক্যাল কিট ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা ভালো।
প্রাথমিক চিকিৎসায় কাটা-ছেঁড়া বা আঁচড় লাগলে দ্রুত ব্যবস্থার জন্য ব্যান্ডেজ ও ব্যান্ড-এইড সঙ্গে নিন। ব্যাগে রাখুন স্টেরাইল গজ ও সার্জিক্যাল টেপ। তুলার চেয়ে এই গজ বেশি নিরাপদ; কারণ, তুলার আঁশ সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
প্রয়োজনীয় ওষুধ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী একটি ছোট জিপ ব্যাগে কিছু ওষুধ রাখুন। যেমন বমি ও গ্যাসের সমস্যা থেকে রক্ষা পেতে হাইওসিন-জাতীয় (ভ্রমণ অসুস্থতা) এবং অ্যান্টাসিড বা ওমিপ্রাজল (অ্যাসিডিটির জন্য), ব্যথা ও জ্বরের জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, অ্যালার্জি উপশমে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ।





























