কারিনা কাইসারের অবস্থা অপরিবর্তিত, বিদেশে নিতে চাচ্ছেন পরিবার

কারিনা কাইসারের অবস্থা অপরিবর্তিত, বিদেশে নিতে চাচ্ছেন পরিবার

গত শুক্রবার রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে আছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। আজ রোববারও তাঁর অবস্থা অপরিবর্তিত, সংকটাপন্ন। কারিনাকে বিদেশ নেওয়ার চেষ্টা করছে পরিবার। আজ সকালে কারিনার সবশেষ অবস্থা প্রথম আলোকে জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মেয়ের ভিসা যাতে দ্রুত হয়, তাই সেখানে গেছেন তিনি। সেখান থেকে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকে বিদেশে নিতে চাচ্ছি।’

কারিনার সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।