মাসিকের সময়টা মাসের বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। নানান রকম শারীরিক অস্বস্তি হতে পারে এই সময়। প্রস্রাবের চাপও হতে পারে বারবার। দেশে অনেক নারীই এ সময় ঘরের বাইরে ওয়াশরুম ব্যবহার নিয়ে অস্বস্তিতে থাকেন। মাসিকের সময় প্রস্রাব চেপে রাখলে কি সংক্রমণ বা অন্য কোনো সমস্যার ঝুঁকি বেশি? জেনে নিন, বিজ্ঞান কী বলছে।
সংক্রমণের ঝুঁকিএ সময় একজন নারীর শরীরে হরমোনের মাত্রার কিছু তারতম্য ঘটে। অন্য সময় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে নারীর যোনিপথে পিএইচ কম থাকে। তাই সেখানে ক্ষতিকর জীবাণু জন্মানোর ঝুঁকি কম থাকে। তাই সংক্রমণের ঝুঁকি কম থাকে।
পিরিয়ডের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। তাই যোনিপথে পিএইচ বাড়ে। তাই সেখানে ক্ষতিকর জীবাণু জন্মানোর সুযোগ থাকে। তা ছাড়া পিরিয়ডের সময় যে রক্তক্ষরণ হয়, সেই রক্ত থেকে জীবাণুরা সহজে প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে যায়। তাই পিরিয়ডের সময় যোনিপথ এবং আশপাশে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।





























