ভ্রমণসাহিত্যে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা

ভ্রমণসাহিত্যে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা

ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ)। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সৈয়দ মুজতবা আলী ভ্রমণসাহিত্য পুরস্কার পেয়েছেন ভ্রমণসাহিত্যিক মাহফুজুর রহমান, রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডভেঞ্চার লেখক মুনতাসির মামুন, সাইদা খানম ভ্রমণ–আলোকচিত্র পুরস্কার পেয়েছেন আলোকচিত্রী মুস্তাফিজ মামুন, বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর হিসেবে সম্মাননা পেয়েছেন সৃজনশীল নকশাবিদ আনিসুজ্জামান সোহেল, সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেয়েছেন সালাহউদ্দীন সুমন। এ ছাড়া সেরা ভ্রমণসাহিত্য পত্রিকা হিসেবে পুরস্কৃত হয়েছে মাহমুদ হাফিজ সম্পাদিত ‘ভ্রমণগদ্য’।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, সাধারণত গুণী ব্যক্তিদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু একজন মানুষের কাজের মূল্যায়ন তাঁর জীবদ্দশাতেই হওয়া উচিত।

সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন, ভ্রমণসাহিত্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে অনেক কাজ হলেও দেশে এখনো সমন্বয়ের অভাব রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।