ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নজরুলের জীবন ও সাহিত্য আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় এবং একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
উপাচার্য বলেন, নানা ঘাত-প্রতিঘাত ও অভাব-অনটনের মধ্যেও নজরুলের লেখনী কখনও থেমে থাকেনি। বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গনে তার সফল বিচরণ রয়েছে। তিনি নজরুলকে সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, শান্তির কবি ও সব্যসাচী কবি হিসেবে উল্লেখ করে বলেন, গবেষণা ও চর্চার মাধ্যমে তার দর্শনকে জীবন্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, নজরুলের বহুমাত্রিক চেতনা যুগে যুগে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রেরণা জোগাবে। তার আদর্শ ধারণ করে একটি সাম্যভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।



























