সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া ব্যাপক জনপ্রিয় ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে...’ গানের গীতিকার পল্লি বাউল জবান আলী (৯১) আর নেই। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাতটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় এই বাউলশিল্পী ও গীতিকারের বাড়ি। জবান আলী স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জামাতা কবি ওবায়দুল মুন্সী জানান, তাঁর শ্বশুর বছরখানেক ধরে ফুসফুস ও কণ্ঠনালির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
জবান আলী গান লিখতেন, গান গাইতেন। গানই ছিল তাঁর ধ্যানজ্ঞান। গানের ভণিতায় নিজের পরিচয় দিতেন ‘পল্লিবাউল’ হিসেবে। বেশভূষা, চলাফেরাও অতি সাধারণ ছিলেন তিনি। গানে গানে বলতেন মানুষের কথা, সহজ–সরল জীবনের কথা।
বোঝার বয়স থেকে গানে মজেছিলেন জবান আলী। জীবনে আর তেমন কোনো কিছুই করেননি। জীবন, যৌবন সঁপে দিয়েছিলেন গানেই। সাত শতাধিক গান লিখেছেন। তাঁর একটি গানের বই প্রকাশিত হয়েছে ১৬ বছর আগে ‘দর্পণে দর্শন’। সত্তরটি গান আছে এতে।



























